উখিয়ায় সুপেয় পানির সংকট
কক্সবাজারের উখিয়ার চারটি গ্রামে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে প্রায় তিন হাজার আদিবাসী চরম দুর্ভোগে পড়েছে।উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোল ও তেলখোলা এবং জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এবং মনখালী গ্রামের কয়েক শ আদিবাসী পরিবার প্রতি শুষ্ক মৌসুমে এই দুর্ভোগে পড়ে বলে এলাকাবাসী জানান। আদিবাসীরা অভিযোগ করেছেন, গ্রামের নলকূপগুলো থেকে পানি না ওঠায় কয়েক মাস যাবৎ তাঁরা আশপাশের খাল ও ছড়ার পানি পানে বাধ্য হচ্ছেন। ফলে গ্রামের মানুষ ডায়রিয়াসহ বিভিন্ন ধরনের পেটের পীড়ায় ভুগছে। সরেজমিন পরিদর্শনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মুছারখোলা ও তেলখোলা এলাকায় দুটি করে চারটি, মাদারবনিয়ায় একটি এবং মনখালীতে দুটি অগভীর নলকূপ আছে। ৮-১০ বছর আগে নলকূপগুলো বসানো হয়েছিল। তেলখোলার হেডম্যান ব্রাউন চাকমা (৩৫) বলেন, গত নভেম্বর মাস থেকে এলাকার কোনো নলকূপেই পানি উঠছে না। ফলে লোকজন বাধ্য হয়ে ছড়া ও খালের অপরিষ্কার পানি পান করছে। একই কথা বলেন মুছারখোলার হেডম্যান বানু অং চাকমা (৫০)। তেলখোলার সমাজ সর্দার বংচাউদো কার্বারি (৮৫) ও সুবাসিং মাস্টার (৪৫) বলেন, পানি সংকটের স্থায়ী সমাধানের জন্য প্রতিটি গ্রামে একাধিক গভীর নলকূপ বসানো দরকার। স্থানীয় ইউপি সদস্য মানিক চাকমা বলেন, অপরিষ্কার পানি পান করে ঘরে ঘরে ডায়রিয়া দেখা দিয়েছে।পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, চার গ্রামে চারটি গভীর নলকূপ বসালে পানি সংকটের স্থায়ী সমাধান হতো। কিন্তু ইউনিয়ন পরিষদের তহবিলে এ জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় গভীর নলকূপ বসানো যাচ্ছে না। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী বলেন, উপকূলীয় এলাকা হিসেবে মাদারবনিয়া ও মনখালীতে জরুরি ভিত্তিতে দুটি গভীর নলকূপ বসানো প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ জহিরুল ইসলাম বলেন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ বরাদ্দ পেলে পানীয় জলের সংকট দূর করার চেষ্টা চালাব। উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী বলেন, কিছুদিনের মধ্যেই পানি সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।