উখিয়ায় সেতু সংস্কার না করায় ৪০ হাজার মানুষের দুর্ভোগ
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়ায় রেজুর খালের ওপর নির্মিত কাঠের সেতুটি গত বছর বর্ষায় বিধ্বস্ত হওয়ার পর সংস্কার করা হয়নি। এতে ১২টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেতুটির কয়েকটি খুঁটি ছাড়া আর কিছুই নেই। সেতুটি সংস্কার না করায় জালিয়াপালং ইউনিয়নের গুরাইয়ারদ্বীপ, লম্বরীপাড়া, সোনাইছড়ি, পাইন্যাশিয়া, সোনারপাড়া, রুমখাঁ চৌধুরীপাড়া, বইয়াপাড়া, নাপিতপাড়া, দীঘিরবিল, জুম্মাপাড়া, গোয়ালিয়াপালং ও চ্যারাং গ্রামের প্রায় ৪০ হাজার মানুষকে প্রতিদিন উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যেতে নৌকায় এ খাল পার হতে হচ্ছে। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপ) চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদের কোনো তহবিল না থাকায় জনগুরুত্বপূর্ণ এ সেতুটি সংস্কার করা যাচ্ছে না। ইউএনও মো. গোলামুর রহমান বলেন, ইতিমধ্যে বিধ্বস্ত সেতুটি সংস্কারের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।