উখিয়ায় সৈকতে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রেজু সৈকতে গোসল করতে নেমে গতকাল মঙ্গলবার সকালে আয়েশা মনি (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় আরও তিন শিশুকে উদ্ধার করে।

আয়েশা কক্সবাজার শহরের পিটিআই পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে কক্সবাজার শহরের কালুর দোকান এলাকার আকবর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কালুর দোকান এলাকার ফয়সাল (১৭) তার বোন আবেদা সুলতানা (১০), ভাই রাব্বি (৯) ও মামাতো বোন আয়েশাকে নিয়ে মঙ্গলবার উখিয়ার প্যাচারদ্বীপ গ্রামে খালাবাড়িতে বেড়াতে যায়। সকাল ১০টার দিকে তারা চারজন ওই বাড়ির পার্শ্ববর্তী রেজু সৈকতে গোসল করতে নামে। ওই সময় ভাটার টানে চারজন ভেসে যায়। সে সময় স্থানীয় জেলেরা ফয়সাল, আবেদা ও রাব্বিকে উদ্ধার করলেও আয়েশা নিখোঁজ হয়। খবর পেয়ে বেলা ১১টার দিকে কক্সবাজার থেকে ট্যুরিস্ট পুলিশ ও ইয়াছির লাইফগার্ড স্টেশনের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে সাগরে তল্লাশি শুরু করেন। বেলা সাড়ে তিনটার দিকে ডুবুরিরা সাগরের মাঙ্গালা পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় আয়েশার লাশ উদ্ধার করেন।