উখিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ১
কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন রাজাপালং ইউনিয়নের শেখপাড়া গ্রামের বাসিন্দা জাগির হোছন (৬০)। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। গত সোমবার রাত নয়টায় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া সদরের বটতলী নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায়, উখিয়া বাসস্টেশন থেকে ব্যাটারিচালিত যাত্রীবাহী টমটম গাড়ি কোটবাজার যাওয়ার পথে রাজাপালংয়ের বটতলীতে পৌঁছালে পেছন থেকে আসা কক্সবাজারমুখী একটি ডাম্পার গাড়ি (মিনি ট্রাক) ধাক্কা দিলে যাত্রীবাহী টমটম গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান জাগির হোছন এবং আহত হন গাড়িতে থাকা অপর ছয় যাত্রী ইসহাক মাহমুদ (২১), ওমর ফারুক (২৭), আজিজুর রহমান মিস্ত্রি (৫০), মফিজ মিয়া (৩৫), ছৈয়দ হোছন (১৭) ও সেলিম উল্লাহ (৪০)।