উখিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা যুবক নিহত, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক রোহিঙ্গা যুবক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের উখিয়ার রাজাপালং ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাসের সঙ্গে টমটমের ওই সংঘর্ষ হয়। নিহত ব্যক্তির নাম খালেদ হোসেন (২৫)। হতাহতরা সবাই উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা বলে জানা গেছে।
আহতরা হলেন, রিয়াজুল হক (১৮), হোসেন আহম্মদ (৩৫), মো. হাশেম (১৫), মো. শাহ আলম (৫৫) ও মো. ইমরান (৩০)। তাঁদের উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।