উখিয়ায় ২০টি দোকান ও বাড়ি পুড়ে ছাই নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোর্টবাজার দক্ষিণ স্টেশন এলাকায় গতকাল বুধবার ভোরে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান ও বাড়ি পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে নিহত হন জোবেদা খাতুন নামে বাক্‌প্রতিবন্ধী এক গৃহবধূ। তিনি ওই এলাকার নুরুল আলমের স্ত্রী। একটি বাড়িতে শীত নিবারণের জন্য জ্বালানো তুষের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, আগুনে পুড়ে জোবেদা খাতুনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। অগ্নিকাণ্ডে ৬টি বসতবাড়ি, ১৪টি দোকানঘরসহ বিপুল সম্পদ (মালামাল) পুড়ে গেছে।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল গফুর বলেন, সৌদিপ্রবাসী এক ব্যক্তির মালিকানাধীন হাজি কলোনির কেয়ারটেকার ছিদ্দিক আহমদ শীত নিবারণের জন্য শয়নকক্ষে তুষ দিয়ে রাতে আগুন জ্বালিয়ে রাখেন। ভোরে এই আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে গ্রিল ওয়ার্কশপ, ব্যাটারিসামগ্রী, ফার্নিচার মাঠ, মাইক সরঞ্জামাদি, লন্ড্রিসহ মালামাল বিক্রির ১৪টি দোকান ও ৬টি বাসাবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

রত্নাপালং ইউপির চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের সময় বাক্‌প্রতিবন্ধী জোবেদা খাতুন (৩৫) ঘুমাচ্ছিলেন। সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।