উগান্ডা কৃষি উন্নয়নে বাংলাদেশ থেকে অভিজ্ঞতা নিতে পারে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, নারীর ক্ষমতায়ন ও কৃষি উন্নয়নে বাংলাদেশের কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারে উগান্ডা। উগান্ডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসুমান কিইনজি গত বুধবার রাজধানী কাম্পালায় হোটেল লাউঞ্জে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় স্পিকার তাঁকে এই পরামর্শ দেন। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১২৬তম সম্মেলন উপলক্ষে স্পিকার আবদুল হামিদ বর্তমানে কাম্পালায় অবস্থান করছেন। সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশে স্পিকার বলেন, বাংলাদেশ ছোট আয়তনের দেশ, এর জনসংখ্যা বিপুল। কিন্তু জীবনযাত্রার মান প্রশংসনীয়। বাংলাদেশ ও উগান্ডার আবহাওয়া ও কৃষিজমির প্রকৃতি প্রায় একই রকম। তাই বাংলাদেশের কৃষিপ্রযুক্তি কাজে লাগিয়ে দুই দেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ইতিমধ্যে উগান্ডায় কৃষি ও ক্ষুদ্রঋণসহ বিভিন্ন খাতে কাজ শুরু করেছে।কৃষিজমির সর্বোচ্চ ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের দক্ষতার প্রশংসা করে প্রতিমন্ত্রী আসুমান কিইনজি বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উগান্ডায় বিনিয়োগ বাড়াতে পারেন।