উগ্র সাম্প্রদায়িকতার অন্ধকার প্রতিরোধের ডাক

চেপে বসা উগ্র সাম্প্রদায়িকতার অন্ধকার প্রতিরোধ করার প্রত্যয় ও আহ্বান নিয়ে এবার পয়লা বৈশাখে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই বর্ণাঢ্য আয়োজনের মূল প্রতিপাদ্য ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’। পঙ্ক্তিটি নেওয়া হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা থেকে।
হাজারো মানুষের অংশগ্রহণে সকাল নয়টার পর বের হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে বের হয়ে রূপসী বাংলা হোটেল চত্বর ঘুরে আবার চারুকলার সামনে এসে শেষ হয়।

ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমানের ওপর মৌলবাদীদের হামলা ও হত্যার ঘটনাটি এবারের মঙ্গল শোভাযাত্রায় প্রাধান্য পেয়েছে। এই প্রেক্ষাপট নিয়েই শোভাযাত্রার প্রধান প্রতীকটি তৈরি হয়েছে। প্রায় কুড়ি ফুট উঁচু এই প্রতীকে দেখা যায়, একটি বিশাল হাত গলা টিপে ধরেছে সাধারণ মানুষের।
শোভাযাত্রায় সাম্প্রদায়িকতাবিরোধী প্রধান প্রতীকটি ছাড়াও বড় আকারের প্রতীকের মধ্যে ছিল একটি কাকাতুয়া, দুটি ময়ূর, একটি করে বাঘ, হাতি, ঘোড়া ও ছাগল। আর ছিল বিশাল আকারের এক মাছ। এ ছাড়া ছিল কয়েক শ মাঝারি ও ছোট আকারের মুখোশ, পাখ-পাখালি।
বাংলা নববর্ষের অনুষ্ঠানমালায় রাজধানীতে বরাবরই অন্যতম প্রধান আকর্ষণ এই মঙ্গল শোভাযাত্রা। বাংলার লোক সংস্কৃতির ঐতিহ্যময় বিভিন্ন উপকরণের সংযোজনায় এই শোভাযাত্রাকে বর্ণাঢ্য করে তোলা হয়।
শোভাযাত্রা শেষে অনুষদের পশ্চিম পাশে সারা দিন ধরে চলবে পুতুলনাচ ও চড়ক। পরদিন সন্ধ্যায় বকুলতলায় শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চস্থ হবে যাত্রাপালা রক্তাক্ত প্রান্তর।