উগ্রপন্থা ও সহিংসতা প্রতিরোধে শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতা বললেন, চারঘাটে অতীতে অনেক সহিংসতা হয়েছে। আর নয়। এখন শান্তির জন্য সব দলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বিএনপি নেতা বললেন, এখন এগুলো আর না হোক। সবাই মিলে উদ্যোগ নিলে সহিংসতা বন্ধ করা সম্ভব। এক মঞ্চে বসে এমন ঐকমত্যের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর চারঘাটে আচরণবিধি স্বাক্ষর ও শপথ নিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।
নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিকের (পিএভিই) উদ্যোগে দেশে সহিংসতা ও উগ্রপন্থা প্রতিরোধ এবং মর্যাদা, নিরাপত্তা, বহুত্ববাদ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে চারঘাট উপজেলার ফরহাত-আলাউদ্দিন মডেল স্কুল মিলনায়তনে আচরণবিধি স্বাক্ষর ও শপথ গ্রহণের এই আয়োজন করা হয়।
পিএভিই হাঙ্গার প্রজেক্টের একটি প্রকল্প। প্রকল্পের অধীনে স্থানীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রশিক্ষিত ২০ জন ব্যক্তিকে নিয়ে পিস প্রেসার গ্রুপ (পিপিজি) গড়ে তোলা হয়েছে। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমসের (আইএফইএস) অর্থায়ন করছে।
সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি স্লোগান নিয়ে অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ শতাধিক ব্যক্তির উপস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির পক্ষে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদ ও জাতীয় পার্টির পক্ষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল আলম আচরণবিধিতে সই করেন।
পিপিজি পিস অ্যাম্বাসেডর সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ, চারঘাট মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন, চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতারা।