উগ্রপন্থার বিরুদ্ধে অটল থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসান আজিজুল হক
হাসান আজিজুল হক

যথেষ্ট আশঙ্কা ও উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বাংলাদেশ এখন একটা ভয়ংকর সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যদিও কিছু না কিছু সংকট সব সময়ই ছিল, আছে এবং থাকবে, তবু সাম্প্রতিক সময়ে উগ্র ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলোর উৎপাতে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা নিয়ে বাড়তি উদ্বেগের কারণ আছে। এ দেশে ধর্মীয় উগ্র মৌলবাদ বরাবরই ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ তার জন্মের ৪৫ বছর পরে যেভাবে ভূতের মতো উল্টো দিকে হাঁটতে শুরু করেছে, তাতে বাংলাদেশের কোনো নাগরিকই উদ্বিগ্ন না হয়ে পারেন না।
আমরা অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে লক্ষ করছি, উগ্র ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়ে তো উঠেছেই, তারা এখন রাষ্ট্রের অস্তিত্বের ওপর আঘাত হানতে চাইছে। তারা বাংলাদেশ নামের প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের মূল স্তম্ভগুলোকেই ভেঙে ফেলতে অথবা অগ্রাহ্য করতে সাহস দেখাচ্ছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এই রকম উগ্রবাদের উৎপাত বরাবরই ছিল। অন্তত ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের টানাপোড়েনের মধ্যে হাবুডুবু খেয়েছে এবং দেশ একটা স্থিতিশীলতার মধ্যে যেতে পারেনি। আর এখন স্বাধীনতার এই সাড়ে চার দশক পরে মনে হচ্ছে, বাংলাদেশকে উগ্র মৌলবাদী একটা রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে লিপ্ত কালসর্পটি বিষাক্ত দংশন করার জন্য উদ্যত হয়েছে।
হেফাজতে ইসলামের দাবির কাছে নতি স্বীকার করে বিদ্যালয়ের পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়েছে। পাঠ্যপুস্তকগুলো খুলে দেখলেই তা বোঝা যায়। পাঠ্যবইগুলোতে যেসব পরিবর্তন আনা হয়েছে, তার তালিকা পেতে চাইলে পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ তদন্তের জন্য গঠিত জাতীয় নাগরিক কমিশনের তৈরি করা প্রতিবেদনটি দেখে নেওয়া যেতে পারে। তারপর চট্টগ্রাম মহানগরে রাতের অন্ধকারে দেয়ালচিত্র মুছে দেওয়ার কাজটি কারা করেছে, তা বোঝাও মোটেই কষ্টকর কিছু নয়। উগ্র মৌলবাদী গোষ্ঠীগুলোর উপদ্রব এবং তাদের প্রতি শাসকদের নমনীয়তার লক্ষণগুলো বেশ আগে থেকেই প্রকাশ পেতে শুরু করেছে।
অতি সম্প্রতি দেখা যাচ্ছে, দেশের ভাস্কর্যগুলোর ওপর হেফাজতে ইসলামসহ অন্যান্য মৌলবাদী গোষ্ঠীর বিষদৃষ্টি পড়ে গেছে। বুঝতে পারছি, ঘাড়ে হাত দিয়ে সবারই মাথা নোয়ানো হচ্ছে। তা না হলে এখন এই গোষ্ঠী ভাস্কর্যসহ স্মৃতিস্তম্ভগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সাহস দেখাতে পারত না। আমরা দেখতে পাচ্ছি সরকারের সুরও নরম হয়ে এসেছে এবং মনে হচ্ছে, এরা যেভাবে ভাবছে সরকার তার কাছে নতি স্বীকার করতে যাচ্ছে। আমি কথা না বাড়িয়ে শুধু এই কথাটাই বলব, ভাস্কর্য ভাঙা বা সরানোর কোনো প্রশ্নই আসে না। দেশের শিল্পসাহিত্য ও কৃষ্টি রক্ষার দায়িত্ব সরকারের। তারা এখানে নতি স্বীকার করলে দেশের নাগরিকেরা তা কখনোই মেনে নেবে না।
ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর উগ্র সাম্প্রদায়িক দাবিদাওয়ার কাছে সরকারের নতি স্বীকারের দৃষ্টান্ত কোনোভাবেই স্থাপিত হওয়া উচিত নয়। এসব কৃষ্টি-সংস্কৃতিবিরোধী সাম্প্রদায়িক দাবি সম্পূর্ণভাবে অগ্রাহ্য করতে হবে। ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। রাষ্ট্রের অসাম্প্রদায়িক চরিত্র অক্ষুণ্ন রাখার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ সরকারকে নিতে হবে। ধর্মীয় মৌলবাদসহ সব ধরনের উগ্রপন্থার বিরুদ্ধে অটল অনমনীয়তা দেখাতে হবে।