উগ্রপন্থী গোষ্ঠী জড়িত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাজারের খাদেম খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. ইলিয়াছ উগ্রপন্থী কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। তবে তিনি কোন গোষ্ঠীর অনুসারী বা কোন গোষ্ঠীর হয়ে কাজ করেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি পুলিশ।

এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, তিন দিনের রিমান্ডে ইলিয়াছের বক্তব্য বিশ্লেষণ করে তাঁদের মনে হচ্ছে উগ্রবাদী ধর্মীয় কোনো গোষ্ঠীর সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।

এদিকে ইলিয়াছের সঙ্গে গ্রেপ্তার হওয়া আরেক যুবক মোছলেহ উদ্দিন ওরফে সুজন খাদেম হত্যার দায় স্বীকার করে গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা। তিনি আরও বলেন, ইলিয়াছকে জিজ্ঞাসাবাদ করার জন্য গতকাল আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে আফজাল শাহর মাজারের খাদেম সোনা মিয়াকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে প্রথমে মো. ইলিয়াছ এবং পরে সুজনকে আটক করে পুলিশে দেন। খুনের ঘটনার প্রায় সাড়ে চার ঘন্টা পর ‘সুমন কিবরিয়া’ নামের একটি ফেসবুক আইডি দেওয়া পোস্টে খুনের দায় স্বীকার করা হয়।

ফেসবুক আইডিতে যাঁর নামে (গোলাম রসুল ওরফে সুমন) তাঁকেও পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বলেন, কারা ওই আইডির প্রকৃত ব্যবহারকারী তাদের খুঁজে বের করতে ওই ব্যক্তির সহায়তা নেওয়া হচ্ছে।