উগ্রপন্থীদের নির্মূলের আহ্বান অজয় রায়ের
বাংলাদেশের উগ্রপন্থীদের নির্মূল করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞানবিষয়ক লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে আজ শনিবার বিকেলে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অজয় রায় এই আহ্বান জানান।
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততর করা, সন্ত্রাসবাদী জঙ্গিবাদীদের কঠোর হস্তে দমন ও জামায়াত-শিবির নিষিদ্ধসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অজয় রায় বলেন, ‘১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়। তবে বঙ্গবন্ধুর চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে পারলেই তাঁর স্বপ্ন পূরণ হবে। এ জন্য তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা ধারণ করবে বলে আশা করি।’
অজয় রায় বলেন, ‘বাংলাদেশের উগ্রপন্থীদের আমরা চিহ্নিত করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ এই উগ্রবাদীদের নির্মূল করুন। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করান।’
অনুষ্ঠানে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধু বা তাঁর পরিবার নয়, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে। এরপর পাকিস্তানিকরণ শুরু হয়েছে। আর সেটি হয়েছে জিয়াউর রহমানের হাত ধরে। তিনি ও এরপর এরশাদ বঙ্গবন্ধুদের খুনিদের পুরস্কৃত করেছেন।’
শেখ হাসিনাকে উদ্দেশ করে পঙ্কজ ভট্টাচার্য বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যে দিয়ে আপনি ইতিহাসে স্থান করে নিয়েছেন। আপনার কাছে অনুরোধ দ্রুত জামায়াত নিষিদ্ধ করুন। মীর কাশিম আলীর রায় দ্রুত কার্যকরেরও দাবি জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতি সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, জামায়াতকে এখনই নিষিদ্ধ করতে হবে। তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ঢাকার সভাপতি আমজাদ হোসেন, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক, ভাস্কর রাশা প্রমুখ।