উগ্রবাদী সংগঠনের প্রতি নজর রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার দুর্গম অঞ্চলে উগ্রবাদী সংগঠনের কর্মকাণ্ডের ওপর নজর রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী এ নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘জঙ্গিবাদ বাংলাদেশে কখনো শিকড় গাড়তে পারবে না। রাজনৈতিক সংগঠনগুলোর কেউ এমন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন না যে এ রকম হত্যাযজ্ঞের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। তারপরও খোঁজখবর রাখতে হবে। বিশেষ করে যেখানে মানুষকে ব্রেইন ওয়াশ করার সুযোগ নেয় জঙ্গিরা।’

লিফলেট বিতরণের মাধ্যমে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হবে বলে জানান জেলা প্রশাসক।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।