উগ্রবাদী হামলার ঘটনা বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশের ওপর বাড়তি চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। তিনি বলেছেন, ‘মানবাধিকার নিয়ে উদ্বেগের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এটি একটি অন্যতম কারণ।’
বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাজ্যের ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনের করা এক প্রশ্নের লিখিত জবাবে ফিলিপ হ্যামন্ড গত বুধবার এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের বিভিন্ন দলের এমপি বা লর্ডসভার সদস্যরা বাংলাদেশে উন্নয়ন বরাদ্দ, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন তুলছেন। সাধারণত সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সেসব প্রশ্নের জবাব দিয়ে থাকেন। সেদিক থেকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও ছায়া পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে এমন প্রশ্নোত্তর বিরল ঘটনা।
ভঙ্গুর মানবাধিকার পরিস্থিতির কারণে যুক্তরাজ্য যে ৩০টি দেশের তালিকা তৈরি করেছে, তাতে বাংলাদেশকে রাখার ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতায় বাধার বিষয়টি অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে বলে জানান ফিলিপ হ্যামন্ড।