বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া উগ্রবাদী হামলা রোধে সরকার কাজ করছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। সরকারের এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিচালক এলিজাবেথ ট্রুডো এ কথা বলেন।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে এলিজাবেথ ট্রুডো বলেন, বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া উগ্রবাদী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তবে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, এ ধরনের হামলা বাংলাদেশের অধিকাংশ মানুষের মতাদর্শের প্রকাশ নয়।
এলিজাবেথ ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের প্রচেষ্টা সফল করার জন্য সহযোগিতা অব্যাহত রাখবে। তবে এ ক্ষেত্রে অবশ্যই মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।
বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদার অবস্থান কোন পর্যায়ে রয়েছে—এমন প্রশ্নের জবাবে এলিজাবেথ ট্রুডো বলেন, ‘বাংলাদেশের সরকার এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিয়েছে।’