উগ্রবাদী হামলা স্বাধীন মত প্রকাশে চাপ তৈরি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপ হ্যামন্ড
ফিলিপ হ্যামন্ড

উগ্রবাদী হামলার ঘটনা বাংলাদেশে স্বাধীন মত প্রকাশে বাড়তি চাপ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। তিনি বলেছেন, মানবাধিকার নিয়ে উদ্বেগের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এটি একটি অন্যতম কারণ।
বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাজ্যের ছায়া (শ্যাডো) পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনের করা এক প্রশ্নের লিখিত জবাবে ফিলিপ হ্যামন্ড গত বুধবার এসব কথা বলেন। একই দিন বাংলাদেশে এলজিবিটি (সমকামী এবং ব্যতিক্রমী লিঙ্গের মানুষ যারা) মানুষের অধিকার এবং বাংলাদেশে যুক্তরাজ্যের উন্নয়ন বরাদ্দ নিয়ে ভিন্ন দুটি প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট দপ্তরগুলোর দুই প্রতিমন্ত্রী।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের বিভিন্ন দলের এমপি কিংবা লর্ড সভার সদস্যরা বাংলাদেশে উন্নয়ন বরাদ্দ, মত প্রকাশের স্বাধীনতা কিংবা মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রায়ই প্রশ্ন তুলছেন। সাধারণত, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রীরা সেসব প্রশ্নের জবাব দিয়ে থাকেন। সেদিক থেকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও ছায়া পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে এমন আলোচনা বিরল।
এবার লেবার পার্টির এমপি এবং ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেন দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের কাছে জানতে চেয়েছেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে যুক্তরাজ্যের সাম্প্রতিক মূল্যায়ন কী?
জবাবে পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, ‘আমাদের মূল্যায়ন হলো বাংলাদেশে উগ্রবাদী হামলার ঘটনা বেড়েছে এবং এটা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাড়তি চাপ তৈরি করেছে।’ তিনি বলেন, ভঙ্গুর মানবাধিকার পরিস্থিতির কারণে যুক্তরাজ্য অগ্রাধিকারভিত্তিক যে ৩০টি দেশের তালিকা তৈরি করেছে, সেই তালিকায় বাংলাদেশকে রাখার ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে। মত প্রকাশের স্বাধীনতাকে যুক্তরাজ্য দুই দিক থেকে সমর্থন দিয়ে থাকে। প্রথমত, এটি মানুষের মৌলিক অধিকার। এ ছাড়া এটি সার্বিক মানবাধিকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।
ফিলিপ হ্যামন্ড বলেন, তাঁর দপ্তরের প্রতিমন্ত্রীরা দ্ব্যর্থহীন ভাষায় বাংলাদেশে ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের হত্যা ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি জুলহাজ মান্নান, তনয় ও শিক্ষক রেজাউল করিম হত্যা এবং তাঁর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিম উদ্দিন সামাদকে হত্যার নিন্দা জানিয়ে তাঁর দপ্তরের প্রতিমন্ত্রীদের দেওয়া বিবৃতির কথা উল্লেখ করেন। যেখানে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এবং উন্মুক্ত বিতর্কের পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে বলে জানান হ্যামন্ড।
বাংলাদেশে এলজিবিটি মানুষের অধিকার নিয়ে লেবার পার্টির এমপি ক্যাথেরিন ওয়েস্টের করা এক প্রশ্নের লিখিত জবাবে পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী হুগো সোয়ার বলেন, মানবাধিকারের বিষয়টি সর্বজনীন এবং সব মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সমলিঙ্গের মানুষের সম্পর্ক বেআইনি। কিন্তু যুক্তরাজ্য যেকোনো পরিস্থিতে এলজিবিটি মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট। বাংলাদেশে এলজিবিটি মানুষের সামাজিক ন্যায়বিচার এবং মর্যাদা তুলে ধরতে ২০১৫ সালে যুক্তরাজ্য একটি প্রকল্পে অর্থায়ন করেছিল বলে জানান হুগো সোয়ার।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড ম্যাকিনটোশের করা অপর এক প্রশ্নের জবাবে দেশটির বৈদেশিক উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েন বলেন, যুক্তরাজ্যের বৈদেশিক সাহায্য প্রদানের ক্ষেত্রে বাংলাদেশে শান্তি, নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করার বিষয়টিও অন্যতম লক্ষ্য।