উচ্চ আদালত নিয়ে অনেক কথা বলতে পারি, বলব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমি উচ্চ আদালত কিংবা অন্য আদালত সম্বন্ধে কথা বলার সময় যথেষ্ট সতর্ক। উচ্চ আদালত নিয়ে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু বলব না।’ গতকাল মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা আদালতের বর্ধিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আজকে খবরের কাগজে দেখলাম প্রচার হয়েছে, আইন মন্ত্রণালয় নাকি বিচারিক সচিবালয় করতে দেয় না। কথাটা যিনি বলেছেন, তিনি আদৌ বলেছেন কি না, তা আমি জানি না। শুধু এটুকু বলছি, আইন মন্ত্রণালয় বিচারিক সচিবালয় করে দিতে পারে না। আইন মন্ত্রণালয়ের কোনো আইনেও নাই যে আমরা সচিবালয় বানাতে পারি। এটা তৈরির একটা প্রক্রিয়া আছে। তবে যত কিছুই বলা হোক না কেন, একটা বিষয়ে আমরা আপস করব না। তা হলো বিচার বিভাগের স্বাধীনতা।’

জেলা ও দায়রা জজ ফাতেমা নজিব স্বাগত বক্তব্যে বিচারক-সংকট, অবকাঠামো-সংকটের কথা তুলে ধরেন। তিনি জানান, নরসিংদীতে মোট ১৮ জন বিচারক রয়েছেন, যাঁদের মধ্যে বর্তমানে ৬ জনকে এজলাস ও খাসকামরা ভাগাভাগি করে বিচারকাজ সম্পাদন করতে হয়। এতে বিচারকাজ বিঘ্নিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ্ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ চন্দ্র সাহা, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহম্মদ, মুখ্য বিচারিক হাকিম শামীমা আফরোজ প্রমুখ।

পরে সন্ধ্যায় জেলা আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রীকে ক্রেস্ট দিয়ে নরসিংদী আইনজীবী সমিতির আজীবন সদস্য করে নেওয়া হয়।