উচ্চ আদালতে জামিন জালিয়াতির কিছু ঘটনা ঘটেছে: সংসদে আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উচ্চ আদালতে জামিন জালিয়াতির কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে উপযুক্ত বিচার না হওয়ায় একের পর এক জামিন জালিয়াতির ঘটনা ঘটার তথ্য সঠিক নয়।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, উপযুক্ত বিচার না হওয়ায় দেশের সর্বোচ্চ আদালতে একের পর এক জামিন জালিয়াতির ঘটনা ঘটছে, এমন তথ্য সঠিক নয়। উচ্চ আদালতে জামিন জালিয়াতির কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ধরনের অনভিপ্রেত জামিন জালিয়াতি বন্ধে জড়িত অপরাধীদের শনাক্ত করে ফৌজদারি আইনের বিচারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫। নকলনবিশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

সরকারি দলের সংসদ সদস্য আবদুল লতিফের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানান, ২০২০-২১ অর্থবছরে ৪৫ লাখ ৫২ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে মৎস্য উৎপাদন হয়েছে ৪৬ লাখ ২১ হাজার টন।

এই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, দেশের মোট জনগোষ্ঠীর ১৪ লাখ নারীসহ ১ কোটি ৯৫ লাখ অর্থাৎ ১২ শতাংশের বেশি মৎস্য খাতের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত।

জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী সরকারি চাকরিতে যোগদান ও প্রতি ৫ বছর পরপর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল কার্যক্রম চলমান আছে। বর্তমানে নতুন করে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার সংশোধনী চূড়ান্তকরণের কার্যক্রম চলমান রয়েছে। এটি চূড়ান্ত হলে তার আলোকে সরকারি কর্মচারীদের সম্পদের তথ্য ব্যবস্থাপনার বিষয়টি পরিচালিত হবে।