উচ্চ আদালতে বাংলা ভাষার চর্চা আরও বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপ্রার্থীরা যদি আদালতে বসেও ভাষার কারণে বিচার-প্রক্রিয়া বুঝতে না পারেন, তবে বিচারের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। বহু বছর ধরে শাসক ও শোষিতের মধ্যে দূরত্ব তৈরি করার জন্যই উচ্চ আদালতে বিদেশি ভাষা ব্যবহার হয়ে আসছে। উচ্চ আদালতে বাংলা ভাষার ব্যবহার ও চর্চা আরও বাড়ানোর সময় হয়েছে।
‘বাংলাদেশের ভাষানীতি ও ভাষাপরিকল্পনা: প্রসঙ্গ আদালতের ভাষা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) ৪০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনার হয়।
সভাপতির বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক বলেন, উচ্চ আদালতে বাংলার ব্যবহার নিশ্চিত করা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এ চর্চা শুরু হয়েছে। আস্তে আস্তে এ চর্চা চালিয়ে যেতে হবে।
মূল প্রবন্ধে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও গবেষক নাহিদ ফেরদৌসী বলেন, ‘ দেশের অধস্তন আদালতসমূহে মূলত বাংলা ভাষার প্রাধান্যই বেশি। উচ্চ আদালতে বাংলা ব্যবহারে প্রতিবন্ধকতা থাকলেও ২০১২ সালে হাইকোর্ট বিধিমালা, ১৯৫৮ সংশোধনের মাধ্যমে উচ্চ আদালতের কার্যক্রমে বাংলা ভাষা ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। যদিও বাস্তবে উচ্চ আদালতে মামলার রায়ে ইংরেজি অদ্বিতীয় ভাষা হয়ে উঠেছে।’
সেমিনারে ভারতের সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের সম্পাদক নীতীশ বিশ্বাস বলেন, পৃথিবীতে ভাষাকেন্দ্রিক রাষ্ট্র একটি। সেটি বাংলাদেশ। এ দেশের আদালতে বাংলা ভাষা ব্যবহার না হওয়া দুঃখজনক।
আরও বক্তব্য দেন বিচারপতি এ টি এম ফজলে কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।