উচ্চ আদালতে বাংলায় রায় লেখা নিয়ে সংসদে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতে বাংলায় রায় লেখা নিয়ে সংসদে আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী। উচ্চ আদালতের সব রায় বাংলায় দেওয়া কষ্টকর—প্রধান বিচারপতির এমন মন্তব্যের এক দিন পর এই দাবি করলেন তিনি।
গতকাল সোমবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় রুস্তম আলী ফরাজী বলেন, ‘বাংলায় রায় দিতে উচ্চ আদালত আইনগতভাবে বাধ্য। কিন্তু তাঁরা দিচ্ছেন না। এর কারণ কী, সেটা জানা যায় না। তাই এ বিষয়ে আইনমন্ত্রীর বিবৃতি দাবি করছি।’
ফরাজী বলেন, উচ্চ আদালতের রায় যদি বাংলায় দেওয়া হয়, তবে সাধারণ মানুষকে দ্বারে দ্বারে ঘুরতে হবে না। ইংরেজিতে লেখা রায় মানুষ বোঝে না। বাংলায় লেখা হলে মানুষের বুঝতে সুবিধা হবে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করে ১৯৮৭ সালে এইচ এম এরশাদ আইন করেছিলেন। কিন্তু উচ্চ আদালত সেই আইন মানছেন না। যদি দ্বিমত থাকে, তা হলে আইনমন্ত্রী আইন সংশোধন করতে পারেন।
জাতীয় পার্টির ইয়াহহিয়া চৌধুরী বলেন, হাইকোর্ট সাইনবোর্ডসহ সর্বত্র বাংলা ব্যবহারের জন্য রুল দিয়েছিলেন। সেই রুলও তাঁরা দিয়েছেন ইংরেজিতে। স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী বলেন, ‘প্রধান বিচারপতি শুধু একজন ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। তিনি সংবিধানের রক্ষক। তাই মানুষ তাঁকে প্রতিদিন কাগজের শিরোনামে দেখতে চায় না। নারী অধিকার থেকে শুরু করে নির্বাচন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, নাগরিক অধিকার—সব বিষয়ে প্রধান বিচারপতি প্রতিদিন সভা-সেমিনার না করলেও পারেন। সে জন্য তো আমরা আছি। সমাজের আরও অনেকে আছেন। প্রধান বিচারপতি যতই বলবেন, ততই তাঁর বক্তব্য খানিকটা বিকৃত করে জনসমক্ষে উপস্থাপন করার আশঙ্কা বেড়ে যাবে। তাতে তিনি বিতর্কিত হয়ে পড়বেন। তাই তাঁর নিরপেক্ষতার স্বার্থে লোকচক্ষুর অন্তরালে, নীরবে কাজ করে যাওয়াই শ্রেয়।’
গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবসম্পর্কিত আলোচনায় সরকারি দলের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনামের সমালোচনা করে বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে জবাবদিহি করে এ দেশে বসবাস করতে হয়। মন্ত্রী-সাংসদদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। উনি কি আইনের ঊর্ধ্বে? তাঁর জন্য কি আলাদা আইন করতে হবে। ভুল স্বীকার করলে তো চলবে না। এ ভুল তো সামান্য ভুল নয়।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শেষে সংসদের অধিবেশন আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।