উচ্চ আদালতে বিচারাধীন মামলা প্রায় তিন লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় তিন লাখ বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে তারানা হালিমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।বিকেল সোয়া পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। আইনমন্ত্রী আরও জানান, গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১২ হাজার ৪৪১টি ও হাইকোর্ট বিভাগে মামলার সংখ্যা দুই লাখ ৭৯ হাজার ৯২৩টি। একই সময় নিম্ন আদালতে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা ছয় লাখ ৩৯ হাজার ৩৫০টি ও ফৌজদারি মামলার সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ১১০টি। তিনি জানান, বিচারকের শূন্যপদ পূরণ করতে সহকারী জজ ও বিচারিক হাকিম হিসেবে নিম্ন আদালতে ২১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১০ জন ও হাইকোর্ট বিভাগে ৫৫ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।সাগরে মাছ ধরার জন্য ১৮০ লাইসেন্স: মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস জানান, ভবিষ্যতে সীমিত আকারে বঙ্গোপসাগরের ৫০০ মিটার গভীরতার বাইরে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক জোনের (ইইজেড) মধ্যে মাছ শিকারের প্রস্তাবকে উৎসাহিত করার পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনাধীন। গভীর সমুদ্রে মাছ ধরার জন্য এ পর্যন্ত ১৮০টি ট্রলারের লাইসেন্স দেওয়া হয়েছে।৫৪টি অভিন্ন নদী: নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে ভারত গঙ্গা নদীর উজানে ফারাক্কা ব্যারেজ, মহানন্দা নদীর উজানে মহানন্দা ব্যারেজ ও তিস্তা নদীর উজানে তিস্তা ব্যারেজ নির্মাণ করেছে। এ ছাড়া ভারত মনু নদীর উজানে মনু ব্যারেজ, খোয়াই নদীর উজানে খোয়াই ব্যারেজ, গোমতী নদীর উজানে মহারানী ব্যারেজ নির্মাণ করেছে বলে জানা যায়।