
নিম্ন আদালতের মতো উচ্চ আদালতেও বিচারকাজ বাংলা ভাষায় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
গতকাল বৃহস্পতিবার ‘মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি’ শীর্ষক এক আলোচনা সভায় সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে দেশীয় সাংস্কৃতিক আইনজীবী পরিষদ।
আলোচনা সভায় আবদুল মতিন খসরু প্রশ্ন তোলেন, ‘আমাদের দেশের বিচারব্যবস্থায় বাদী, বিবাদী, বিচারক সবাই বাঙালি। কিন্তু বিচারকাজ চলে ইংরেজি ভাষায়। সেই দিন কবে আসবে যেদিন বিচারকাজ পুরো বাংলায় হবে?’
এ বক্তব্যের সূত্র ধরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘এটা সত্যিই দরকার। দেশের নিম্ন আদালতে বিচারকাজ ইতিমধ্যে বাংলায় চালু হয়েছে, উচ্চ আদালতেও এটা হওয়া দরকার। আমাদের কয়েকজন বিচারক অবশ্য বাংলায় রায় দিচ্ছেন। আমিও চিন্তা করছি দু-একটি রায় বাংলায় দেওয়ার জন্য। উচ্চ আদালতেও যেন আমরা বাংলা ভাষাকে তুলে ধরতে পারি, সে জন্য সবার চেষ্টা থাকতে হবে।’
প্রধান বিচারপতি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় বক্তৃতা দিয়ে বাংলা ভাষাকে তুলে ধরেছিলেন। তিনি ঠিক কাজটিই করেছিলেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, প্রাচীন বাংলায় সত্যিকারের ধর্মনিরপেক্ষতা ছিল। কুষ্টিয়ার লালন ফকির কিংবা সিলেটের হাসন রাজা, তাঁরা তাঁদের গানের মধ্য দিয়ে মানুষকে ধর্মনিরপেক্ষতার দীক্ষা দিয়ে গেছেন।
আলোচনা সভার প্রধান আলোচক ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার। তিনি বলেন, দেশের বিরুদ্ধে এখনো অনেক ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী গৌরাঙ্গ চন্দ্র করের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিলের সদস্য শ ম রেজাউল করিম, লায়েকুজ্জামান মোল্লা, বশির আহমেদ, আজহারুল্লাহ ভূঁইয়া, আবদুন নূর প্রমুখ।