উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে গাছ কর্তন
উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের এক নেতা বিরোধপূর্ণ জমিতে লাগানো শতাধিক গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার শ্রমিক নিয়োগ করে গাছগুলো কাটা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাশপাড়া ইউনিয়নের চর আলগী গ্রামের মোহামঞ্চদ রাড়ী দীর্ঘদিন ধরে চর আলগী মৌজার ১৪ নম্বর খতিয়ানের ২২০৮, ২২০৯ ও ২২১৩ দাগের ৪ একর ১৫ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। এর মধ্যে তিনি ১ একর ২৭ শতাংশ জমিতে ১৯৯৫ সালে মেহগনি, রেইন ট্রি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগান। ওই জমি একই গ্রামের বাসিন্দা ও দাশপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হালিম হাওলাদার তাঁদের দাবি করে ২০০৪ সালে পটুয়াখালী জজ আদালতে মামলা করলে আদালত তাঁদের পক্ষে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে গত ১৬ মে মোহামঞ্চদ রাড়ী উচ্চ আদালতে আপিল করেন। আপিলের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের রায়ের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন উচ্চ আদালত। কিন্তু হালিম হাওলাদার উচ্চ আদালতের ওই নির্দেশ অমান্য করে বৃহস্পতি ও শুক্রবার ওই জমিতে লাগানো শতাধিক গাছ কেটে ফেলেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক কাঠ ব্যবসায়ী জানান, কেটে ফেলা গাছগুলোর দাম তিন লক্ষাধিক টাকা হবে। আওয়ামী লীগের নেতা হালিম হাওলাদার ওই জায়গা ও গাছ নিজের বলে দাবি করেছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে।