আর্থিক বিধিবিধান পালনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের দায়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত করার ছয় দিনের মথায় উচ্চ আদালতের আদেশে স্বপদে পুনর্বহাল হলেন বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক তফজ্জুল হোসেন। গত রোববার তফজ্জুল হোসেন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে আদালত এই আদেশ দেন। পাশাপাশি আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্ত আদেশটি তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চে পৌরসভার প্রশাসক তফজ্জুল হোসেনের পক্ষে তাঁর আইনজীবী শ ম রেজাউল করিম রিট পিটিশন দাখিল করেন। আদালত বাদীর আবেদন গ্রহণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্ত আদেশটিকে তিন মাসের জন্য স্থগিতাদেশ জারি করেন। আর্থিক অনিয়মের অভিযোগে ১০ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে তাঁকে ওই পদ থেকে বরখাস্ত করে। ১৪ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসক পৌরসভার নতুন প্রশাসক হিসেবে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব পালনের নির্দেশ দেন।