উচ্চ আদালতের রায়ের পর বিজিএমইএ ভবন নিয়ে সিদ্ধান্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের রায় পাওয়ার পরই বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান গতকাল সোমবার এ কথা বলেন।বিশ্ব বসতি দিবসের শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘উচ্চ আদালতে বিচারাধীন কোনো বিষয়ে মন্তব্য করতে চাই না। আদালত যা বলবেন, সেই আলোকেই বিজিএমইএ ভবনের বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।’ আদালতের রায় মান্য করা সব মানুষের কর্তব্য উল্লেখ করে আবদুল মান্নান খান বলেন, ‘আশা করি সব পক্ষই আদালতের রায় মেনে নেবে।’প্রসঙ্গত, গত রোববার বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চান হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে গণপূর্তসচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বিজিএমইএর সভাপতি, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এর জবাব দিতে বলা হয়।প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান আরও বলেন, পরিকল্পিত নগরায়ণের জন্য সরকার কাজ করছে। এ জন্য সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে সরকার। বিশ্ব বসতি দিবস পালন: এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠানের জোট ‘কোয়ালিশন ফর দ্য আরবান পুওর’-এর উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের নেতৃত্বে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গৃহায়ণ মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন ও রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা উপস্থিত ছিলেন।‘নন্দিত নগর, প্রমিত জীবন’ প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালন করছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাতিসংঘ তথ্যকেন্দ্র ও রূপান্তর যৌথভাবে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। এসব আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪০তম অধিবেশনে প্রতিবছর অক্টোবরে প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত হয়।