উচ্চ আদালতের রুল নিয়ে ২৩ নাগরিকের উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি টেলিভিশনে ১২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের রাজনৈতিক বিশ্লেষণমূলক বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের রুল জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ২৩ জন বিশিষ্ট নাগরিক। এক বিবৃতিতে তাঁরা বলেছেন, উচ্চ আদালতের এ ধরনের পদক্ষেপ দেশের মানুষের মুক্ত মননশীলতা, চিন্তা ও বাকস্বাধীনতার চর্চা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।বিবৃতিদাতাদের মধ্যে আছেন: মোজাফ্ফর আহমদ, এম হাফিজউদ্দিন খান, বদিউল আলম মজুমদার, মানজুর হাসান, মাহমুদুর রহমান মান্না, সালাউদ্দিন আমিনুজ্জামান, শাহ্দীন মালিক, নূরুল কবীর, পিয়াস করিম, দিলারা চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরী, আমেনা মোহসীন, আনু মুহাম্মদ প্রমুখ। বিবৃতিতে তাঁরা বলেন, আসিফ নজরুল রাজনৈতিক ও আইনগত বিষয়ে লেখালেখি করছেন এবং গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় ১২ মার্চের অনুষ্ঠানে তিনি দেশে বিদ্যমান রাজনৈতিক বিরোধ ও তিক্ততার সমালোচনা করেন এবং এটি অব্যাহত থাকলে দেশে আবারও ওয়ান-ইলেভেন ধরনের শক্তির উদ্ভব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এ ধরনের আশঙ্কা প্রকাশ দুই প্রধান দলের সাংঘর্ষিক রাজনীতির পরিপ্রেক্ষিতে অযৌক্তিক নয় বলে বিবৃতিদাতারা মনে করেন। বিশিষ্ট এই নাগরিকেরা উচ্চ আদালত যাতে মানুষের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আরও সংবেদনশীল ও সহানূভূতিসম্পন্ন ভূমিকা পালন করেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার কাছে আবেদন জানিয়েছেন।