চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য দেওয়া উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চের দেওয়া আদেশের অনুলিপি গতকাল সোমবার চট্টগ্রাম আদালতে এসে পৌঁছায়।
গত ২১ জুলাই মামলার আসামি শাহাদাত হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি বিচারাধীন। স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলাটির বিচার কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা নেই বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান।
চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, মামলাটি চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। জুলাই মাসের শেষের দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় বিচারের জন্য। এ অবস্থায় মামলার কার্যক্রম ছয় মাসের স্থগিতাদেশের একটি আদেশ আসে উচ্চ আদালত থেকে। আসামি শাহাদাত হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এ আদেশ দেন। যার স্মারক নম্বর ২৭৩১৫। পরে ৭ আগস্ট স্থগিতাদেশ প্রত্যাহার হয়। এ আদেশের অনুলিপি গতকাল সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এসে পৌঁছায়। তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। এতে মামলার সাক্ষ্য শুরু হতে আর কোনো বাধা নেই।
সহকারী অ্যার্টনি জেনারেল এন এম মাসুদ আলম চৌধুরী গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির অনুমোদনক্রমে বিশেষ বেঞ্চ গঠন করে ৭ আগস্ট শুনানি শেষে চট্টগ্রামের আলোচিত হিমাদ্রী হত্যা মামলার কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। দরখাস্তকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।