উচ্চ দরে সমঝোতার দরপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগে (এলজিইডি) সমঝোতার মাধ্যমে শতকরা ৯ দশমিক ৪ ভাগ উচ্চ দরে কাজের দরপত্র জমা দেওয়া হয়েছে। এই দরপত্র চূড়ান্ত করা হলে অতিরিক্ত ৭৬ লাখ টাকা ব্যয় হবে।
এলজিইডি রংপুর কার্যালয় থেকে জানা যায়, রংপুর সিটি করপোরেশন এলাকায় এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নগরের তিনটি পৃথক এলাকায় ‘আরবান হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প’-এর কাজের জন্য আট কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়।
ওই কার্যালয় থেকে জানা যায়, সিটি করপোরেশন এলাকার সম্মানীপুর প্রাথমিক হেলথ কেয়ার হাসপাতাল স্থাপনের জন্য দুই কোটি ৫৮ লাখ, এরশাদনগরে দুই কোটি ৬৫ লাখ ও জুম্মাপাড়ায় দুই কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই তিনটি কাজের জন্য গত ২০ সেপ্টেম্বর এলজিইডি রংপুর কার্যালয় থেকে দুটি জাতীয় দৈনিকে একটি দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমাদানের শেষ সময় ছিল গত ২২ সেপ্টেম্বর।
প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, এই তিনটি কাজের জন্য ৯০টি সিডিউল বিক্রি হয়। প্রতিটির মূল্য ছিল তিন হাজার টাকা। একটি কাজের জন্য তিনটি ও অন্য দুটির জন্য দুটি করে মাত্র সাতটি জমা হয়। প্রতিটি দরপত্রেই মূল টাকার চেয়ে ৯ দশমিক ৪ শতাংশ উচ্চ হারে জমা হয়। পরবর্তী সময় এসব দরপত্র সিদ্ধান্তের জন্য ঢাকার এলজিইডি প্রধান দপ্তরে পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির একজন প্রকৌশলী জানান, তিনটি গ্রুপের কাজের জন্য সাতটি দরপত্র জমা হলেও একটি দরপত্রের অনুকূলে তিনটি ও অন্য দুটির দরপত্রে সাপোর্টিং হিসেবে সাতটি দরপত্র জমা করা হয়। সমঝোতার মাধ্যমে তা করা হয়েছে। তাও আবার শতকরা ৯ দশমিক ৪ ভাগ উচ্চ দরে। এতে করে দরপত্রের মোট টাকা থেকে অতিরিক্ত ৭৬ লাখ টাকা ব্যয় করতে হবে।
এলজিইডি রংপুর কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী সাহারুল আলম গতকাল মঙ্গলবার মুঠোফোনে দরপত্রের মূল্যের চেয়ে উচ্চ দরে দরপত্র জমা হওয়ার কথা স্বীকার করে বলেন, এতে করে অতিরিক্ত টাকা ব্যয় হবে। দরপত্র যাচাই-বাছাই করে জমাকৃত সাতটি দরপত্রই মূল্যায়নের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখনো এর সিদ্ধান্ত জানা যায়নি।
সমঝোতার মাধ্যমে এই সাতটি দরপত্রের ঠিকাদার কারা তা এলজিইডি কর্তৃপক্ষ জানাতে অপারগতা প্রকাশ করেছে।