জিন-বিজ্ঞানী আবেদ চৌধুরী বলেছেন, অতি উচ্চ ফলনশীল ও অতি লম্বা ধান খাদ্যে স্বনির্ভরতা দিতে পারে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার জিন-তত্ত্ববিষয়ক সেমিনারে মূল প্রবন্ধে তিনি এ কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বেলা তিনটায় এ সেমিনার হয়। সেমিনারে তিনি জীববিজ্ঞানের অনেক মৌলিক বিষয়ের সঙ্গে বাংলাদেশে তাঁর চলমান গবেষণার কথা সরল ভাষায় বর্ণনা করেন। কীভাবে পুনরায় ব্যবহারযোগ্য শক্তি ও খাদ্যশস্যে স্বনির্ভর হওয়া সম্ভব, তা ব্যাখ্যা করেন।বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, জীববিজ্ঞান অনুষদের ডিন ইয়াসমীন হক, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সুশান্ত কুমার দাস, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক আবু আউয়াল মো. শোয়েব বক্তব্য দেন।