উচ্চ শব্দে গান বাজিয়ে ২ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে উচ্চ শব্দে গান বাজিয়ে ডিজে পার্টি করছিলেন বিয়েবাড়ির লোকজন। এতে আশপাশের মানুষের ঘুমের ব্যাপক ব্যাঘাত ঘটায় অভিযোগ যায় ভ্রাম্যমাণ আদালতের কাছে। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন মোহাম্মদ সোহেল (২৪) ও মোহাম্মদ সাইফুল ইসলাম (১৮)।

চট্টগ্রামের রাউজানে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিংগলা গ্রামে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে থানা-পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে গতকাল রাতে একটি বিয়ের গায়েহলুদ অনুষ্ঠান চলছিল। গভীর রাতে উচ্চ শব্দে ডিজে পার্টি করছিলেন বিয়েবাড়ির লোকজন। এতে স্থানীয় মানুষজনের ঘুমের ব্যাঘাত ঘটে। ফলে অনেকেই অভিযোগ জানান। উচ্চ শব্দে গান বাজানোর অপরাধে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, রাত ১১টার পর কোনো ধরনের শব্দদূষণ মেনে নেওয়া হবে না। তারা এত রাতে যে উচ্চ শব্দে গান বাজাচ্ছিল, এর অনুমতি ছিল না। গভীর রাতে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে গান বাজানোয় দুজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।