উচ্চ শিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিল-২০১৭ আজ মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়েছে। বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পাসের আগে বিলের ওপর দেওয়া বিরোধী দল জাতীয় পার্টির সাংসদের দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরে সেগুলো কণ্ঠভোটে নাকচ হয়।

বিলে উচ্চ শিক্ষার মান নিশ্চিত করতে একটি অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। দেশে বর্তমানে ৩৮টি পাবলিক ও ৯৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। আইনটি কার্যকর হলে সব বিশ্ববিদ্যালয়কেই কাউন্সিলের স্বীকৃতি পেতে হবে।

বিলে বলা হয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ২৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, অধ্যাপক হিসেবে কমপক্ষে ১০ বছরের যোগ্যতাসম্পন্ন ব্যক্তি পরিষদের চেয়ারম্যান হবেন। এ ছাড়া সরকারি বিশ্ববিদ্যালয়ে ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন, অধ্যাপক হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি সদস্য হবেন। সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন সনদ সবার অবগতির জন্য কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সনদ ছাড়া কোনো প্রতিষ্ঠান নিজেদের অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত বলে প্রচার করতে পারবে না।