উচ্চ স্বরে বই পড়ায়...
শ্রেণীকক্ষে উচ্চ স্বরে বই পড়ার অপরাধে পঞ্চম শ্রেণীর ১৮ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগে প্রধান শিক্ষকের বিচারের দাবিতে গত বৃহস্পতিবার বিদ্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ ঘটনা ঘটেছে নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর পশ্চিম জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।অভিভাবক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছার রহমান গত বুধবার ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ১৮ জন শিক্ষার্থীকে চেঁচামেচি করায় শাস্তি হিসেবে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়েছেন। এতে আহত চার ছাত্রীকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার সকাল নয়টা থেকে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে এবং প্রধান শিক্ষকের শাস্তি দাবি করে স্কুলে তালা ঝুলিয়ে দেয়। প্রধান শিক্ষক মোখলেছার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এর জন্য তিনি অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন।সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) মোতাহার হোসেন জানান, প্রধান শিক্ষক তাঁর অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন। প্রাথমিকভাবে তাঁকে বাধ্যতামূলক ছয় দিনের ছুটি দেওয়া হয়েছে।