উচ্চতা নিয়ে জটিলতার কারণে নির্মাণ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া বাজার সেতুটি বিধ্বস্ত হওয়ার পর নির্মাণের জন্য কয়েক দফা জরিপ করা হলেও দরপত্র আহ্বান করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ছয় বছরেও গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ না হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন উপজেলার পাঁচটি ইউনিয়নের এক লাখেরও বেশি মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী রফিকুল হাসান জানান, সেতুটি নির্মাণের জন্য কয়েক দফা জরিপ করে নকশা করা হয়েছিল। তবে সেতুর উচ্চতা নিয়ে সৃষ্টি হওয়া জটিলতা নিরসন না হওয়ায় দরপত্র আহ্বান করা যাচ্ছে না।
এলজিইডির পিরোজপুর কার্যালয় থেকে জানা গেছে, ২০০৭ সালে ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার সময় একটি কার্গোর ধাক্কায় বড় মাছুয়া খালের বাজার সেতুটি বিধ্বস্ত হয়। ২০১১ সালের নভেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তুষখালী ইউনিয়ন বাজার থেকে বড় মাছুয়া, বেতমোর ও আমড়াগাছিয়া ইউনিয়ন বাজার হয়ে সাপলেজা ইউনিয়ন বাজার পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শুরু হয়। ২০১২ সালে এলজিইডি ওই প্রকল্পের আওতায় বড় মাছুয়া খালের সেতুটি পুনর্নির্মাণের জন্য একটি নকশা করেন। নকশায় আগের সেতুর সঙ্গে সামঞ্জস্য রেখে গার্ডারের তলার উচ্চতা তিন মিটার করা হলে স্থানীয় লোকজন এর বিরোধিতা করেন।
গত ২৪ মার্চ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মো. নূর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালককে জানান, বড় মাছুয়া খালের প্রস্তাবিত সেতুর তলার উচ্চতা স্ট্যান্ডার্ড হাই ওয়াটার লেভেল (এসএইচডব্লিউএল) থেকে কমপক্ষে ৭ দশমিক ৬২ মিটার হলে তাদের আপত্তি থাকবে না।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি নির্মাণ না হওয়ায় ২২ কিলোমিটার সড়কে যান চলাচল করতে পারছে না। ফলে পাঁচটি ইউনিয়নের বাসিন্দাদের বড় মাছুয়া স্টিমারঘাটসহ বিভিন্ন স্থানে যেতে গিয়ে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বড় মাছুয়া ইউপির চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, সেতুর অভাবে প্রতিদিন কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে বাঁশের সাকো ও খেয়া নৌকায় চলাচল করছে। সেতুর উচ্চতা নিয়ে স্থানীয় লোকজন বিভক্ত হয়ে পড়ায় সেতুটি নির্মাণ করা হচ্ছে না।
এলজিইডির পিরোজপুর কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী রফিকুল হাসান বলেন, ৭ দশমিক ৬২ মিটার উচ্চতায় সেতু নির্মাণের জন্য নতুন করে জরিপ করে নকশার জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হবে।