উচ্চবিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণী সংযুক্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানীতি বাস্তবায়নের জন্য শিক্ষা আইনের খসড়া তৈরি করেছে এ-সংক্রান্ত উপকমিটি। এতে চার বছরের বেশি বয়সী শিশুদের জন্য দুই বছর মেয়াদে প্রাক-প্রাথমিক শিক্ষাসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।আইনের আওতায় পর্যায়ক্রমে উচ্চবিদ্যালয়গুলোতে একাদশ ও দ্বাদশ শ্রেণী সংযোজন এবং উচ্চমাধ্যমিক কলেজগুলোতে নবম ও দশম শ্রেণী খোলা হবে। তবে এই উপকমিটি তাদের খসড়াটি পূর্ণাঙ্গ করার জন্য আরও ২০ দিন সময় পাচ্ছে।অন্যদিকে একই চত্বরে অবস্থিত নিম্নমাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়কে একীভূত করে একক বিদ্যালয় হিসেবে পরীক্ষামূলকভাবে চালু, বর্তমানে প্রচলিত প্রাথমিক বিদ্যালয়গুলোকে ক্রমান্বয়ে (প্রতিবছর একটি করে শ্রেণী) ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করাসহ বেশ কিছু সুপারিশ তৈরি করেছে এ-সংক্রান্ত আরেকটি উপকমিটি।শিক্ষানীতি বাস্তবায়নের জন্য চলতি বছরের জানুয়ারিতে অন্যান্য কমিটির সঙ্গে এই দুটি উপকমিটি করা হয়। শিক্ষা আইনসংক্রান্ত কমিটির নেতৃত্বে আছেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও প্রাথমিক স্তরের কমিটির প্রধান হলেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার। কমিটিগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে।প্রাথমিক বিদ্যালয় কমিটির সুপারিশে আরও বলা হয়েছে, প্রাথমিক শিক্ষাস্তরকে অষ্টম শ্রেণী পর্যন্ত একক প্রতিষ্ঠানে রূপান্তরের আগে প্রাথমিক স্তরকে দুটি আলাদা ভাগে ভাগ করা যেতে পারে। এর মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম ভাগ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দ্বিতীয় ভাগ করার বিষয়েও সুপারিশ তৈরি করেছে উপকমিটি। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালুর বিষয়ে করা উপকমিটিকে সুপারিশ দেওয়ার জন্য নতুন করে ১৫ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।শিক্ষা আইনের একটি খসড়া তৈরির কথা প্রথম আলোকে জানিয়েছেন কমিটির সদস্য কাজী ফারুক আহমেদ। সূত্রমতে, ২৮ পৃষ্ঠার এই খসড়ায় শিক্ষানীতির আলোকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালুর জন্য প্রজ্ঞাপন জারি করতে বলা হয়েছে। এ ছাড়া বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা, মাদ্রাসা ও নৈতিক শিক্ষা, উচ্চশিক্ষা, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান শিক্ষা, তথ্যপ্রযুক্তি শিক্ষা, কৃষি শিক্ষা, ব্যবসায় শিক্ষাসহ অন্যান্য শিক্ষার জন্য পৃথক পৃথক ব্যবস্থার কথা বলা হয়েছে।এদিকে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভায় শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষা আইনের জন্য গঠিত কমিটিতে পূর্ণাঙ্গ খসড়ার জন্য ২০ দিন ও প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার জন্য গঠিত কমিটিকে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়ার জন্য ১৫ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। শিক্ষানীতি বাস্তবায়নের কাজ স্থবির হয়ে পড়েনি।’গতকালের সভায় শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।