প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে এখনো বেশ উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে। রিখটার স্কেলে সাত বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পে শহরাঞ্চলে বহু হতাহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়েছে।
গতকাল মঙ্গলবার এক স্মারক বক্তৃতায় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে মারা যাওয়ার পরের বছর থেকে তাঁর নামে এই স্মারক বক্তৃতা হয়ে আসছে।
‘দুর্যোগ সহনশীল জাতি হওয়ার পথে: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক স্মারক বক্তৃতায় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, সাত মাত্রার ভূমিকম্প হলে এ দেশে বড় ধরনের ধ্বংসযজ্ঞ হবে। এতে বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হতে পারে। বাংলাদেশকে একটি দুর্যোগ প্রতিরোধকারী দেশ হিসেবে গড়ে তুলতে এখন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে।
বক্তৃতা অনুষ্ঠানে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান একরাম আহমেদ, আহ্বায়ক সাব্বির আহমেদ, ইশতিয়াক আহমেদের মেয়ে তাসনীম রাইনা ফাতেহ প্রমুখ উপস্থিত ছিলেন।