বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি শিশু ঘরের বাইরে উচ্চমাত্রায় দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে। এতে তাদের মস্তিষ্কের বিকাশে বাধাসহ নানা শারীরিক ক্ষতি হতে পারে। বাংলাদেশে গৃহস্থালি বায়ুদূষণজনিত অসুখ-বিসুখে প্রতিবছর অন্তত সাড়ে আট হাজার শিশু মারা যায়।
জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) গতকাল সোমবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বে প্রতি সাতজন শিশুর মধ্যে একজন যে বাতাসে শ্বাস-প্রশ্বাস চালাচ্ছে, সেটা আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে অন্তত ছয় গুণ বেশি দূষিত। বায়ুদূষণ এখন শিশুমৃত্যুর একটি বড় কারণ। বাংলাদেশেও শিশুমৃত্যুর প্রধান কারণগুলোর অন্যতম ঘরের ভেতরের বায়ুদূষণ। কাঠ, কৃষি আবর্জনা ও গোবর পোড়ানোর কারণে বাড়িঘরের বাতাস দূষিত হচ্ছে। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে শতভাগ পরিবেশবান্ধব চুলা ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রেখে বাড়িঘর নির্মাণ করলে এ রকম দূষণের মাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে।
>বায়ুদূষণজনিত অসুখে বছরে বাংলাদেশে মারা যায় সাড়ে ৮ হাজার শিশু
জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের সম্মেলনের এক সপ্তাহ আগে ইউনিসেফ বায়ুদূষণ নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করল। শিশুর অধিকার ও কল্যাণে কাজ করা জাতিসংঘের এই সংস্থা বায়ুদূষণ কমাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেন, প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ছয় লাখ শিশুর মৃত্যুর জন্য বায়ুদূষণ কোনো না কোনোভাবে দায়ী।
শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বলেন, ঘরের ভেতরে (ইনডোর) ও বাইরে (আউটডোর) বায়ুদূষণের কারণে শিশুদের শ্বাসতন্ত্রে সংক্রমণ দেখা দেয়। এর ফলে শিশুদের নিউমোনিয়া হয়। নিউমোনিয়া শিশু মৃত্যুর অন্যতম কারণ।