আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে নগরের ষোলশহরের বোর্ড কার্যালয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী। অন্যান্যের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক গিয়াস উদ্দিন আহমদ ও কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন। সভায় নগরের ও তিন পার্বত্য জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। আগামী ১ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়ে বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রশ্নপত্র সংগ্রহের কাজে পরীক্ষা কমিটির দুজন করে সদস্য নিয়োজিত থাকলে ছোটখাটো সমস্যা পরিহার করা সম্ভব হবে। পরীক্ষার আগের দিনই কেন্দ্রের বাতি, পাখাসহ সব ধরনের অবকাঠামো ঠিক আছে কি না, তা যাচাই করে দেখতে হবে।