উচ্চমাধ্যমিকে এসে অনেক নারী শিক্ষার্থী ঝরে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মাধ্যমিক স্তর পর্যন্ত নারী শিক্ষার্থীরা এগিয়ে থাকলেও উচ্চমাধ্যমিকে এসে তারা অনেকেই ঝরে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, বর্তমানে মাধ্যমিকে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৫৩ শতাংশ, ছাত্র ৪৭ শতাংশ। কিন্তু উচ্চমাধ্যমিকে এসে ছাত্রীর সংখ্যা হয়ে যাচ্ছে ৪৭ শতাংশ, ছাত্রের সংখ্যা ৫৩ শতাংশ।
জাতীয় সংসদে গতকাল সোমবার সরকারি দলের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী জানান, মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থী ৮৫ লাখ ১ হাজার ৪৪২ জন। এর মধ্যে ছাত্রী ৪৫ লাখ ১৯ হাজার ৯১ এবং ছাত্র ৩৯ লাখ ৮২ হাজার ৩৫১ জন। অপরদিকে উচ্চমাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থী ৩১ লাখ ৯৪ হাজার ৭৮৭ জন। এর মধ্যে ছাত্র ১৬ লাখ ৯৪ হাজার ২৬৭ এবং ছাত্রী ১৫ লাখ ৫২০ জন। তবে উচ্চশিক্ষায় মেয়েদের অংশ নেওয়ার হার অতীতের চেয়ে বাড়ছে।
নুরুল ইসলাম নাহিদ আরও জানান, নারী ও পুরুষের শিক্ষার হারে সমতা আনতে সরকার শিক্ষা-সহায়তা ট্রাস্ট তহবিলে এক হাজার কোটি টাকা দিয়েছে। এই তহবিল থেকে স্নাতক পর্যায়ের ৩০ শতাংশ দরিদ্র ছাত্রী এবং ১০ শতাংশ ছাত্রকে উপবৃত্তি দেওয়া হচ্ছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাঙ্গনে শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে তিনি জানান, সারা দেশে জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০ হাজার ৯৬০টি। এর মধ্যে ১ হাজার ৯৭৩টি প্রতিষ্ঠান মেরামতের জন্য চলতি বাজেটে ৩৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
জাতীয় পার্টির মাহজাবিন মোরশেদের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন জানান, দেশে ১০ হাজার ৩১৩টি সরকারি মালিকানাধীন পরিত্যক্ত বাড়ি আছে। এর মধ্যে ৪ হাজার ৯৬২টি বিক্রি করার মতো এবং ১৩৮টি বাড়ি বিক্রি হয়ে গেছে। তিনি জানান, ঢাকা ও নারায়ণগঞ্জে ‘ক’ তালিকাভুক্ত বাড়ি ৫ হাজার ২৮টি এবং ‘খ’ তালিকাভুক্ত বাড়ি ১ হাজার ৪৩৯টি। এর মধ্যে ৪ হাজার ৭৮২টি বাড়ি বিক্রি করার জন্য এবং ২১৫টি সংরক্ষিত রাখার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। সরকারি মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির মধ্যে ৬৬টি অবৈধ বসবাসকারীদের দখলে রয়েছে। ৯৯৯টি বাড়ি নিয়ে মামলা চলছে। রাজশাহীতে ২২৮টি বাড়ির মধ্যে ১৩৩টি বাড়ি বিক্রি করা হয়েছে। নাটোরের সাতটি বাড়ির মধ্যে একটি বাড়ি শহীদ পরিবারের কাছে বিক্রি করা হয়েছে, দুটি বাড়ি নিয়ে মামলা চলছে। চট্টগ্রামের ৩৫৩টি বাড়ির মধ্যে ১৭৪টি সংরক্ষিত এবং ১৭৯টি বিক্রি করার অবস্থায় আছে। লালমনিরহাটে ১০৮টি বাড়ির মধ্যে ৪টি বিক্রি করা হয়েছে।
গণপূর্তমন্ত্রী আরও জানান, চাঁপাইনবাবগঞ্জে ১৬টি, নওগাঁয় ৩০, পাবনায় ১২৩, সিরাজগঞ্জে ১৩, বগুড়ায় ২৮০, জয়পুরহাটে ১, খুলনায় ১ হাজার ৩৬৩, বাগেরহাটে ১, যশোরে ৯২, কুষ্টিয়ায় ৫০৭, চুয়াডাঙ্গায় ২৭, কুমিল্লায় ৩, সিলেটে ৪, রংপুরে ৪২, দিনাজপুরে ৩৭৮, নীলফামারীতে ২২৩, কুড়িগ্রামে ১৭, ঠাকুরগাঁওয়ে ৯ এবং গাইবান্ধায় ২১টি সরকারি মালিকানাধীন পরিত্যক্ত বাড়ি আছে।