উচ্চমাধ্যমিকে ভর্তির ফলাফলে নাম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিকে ভর্তির ফলাফলের তালিকায় নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের (এন এস কলেজ) নাম নেই। কারিগরি ত্রুটির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, প্রায় ৩ হাজার ৮০০ শিক্ষার্থী এন এস কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করলেও কেউ ভর্তি হতে পারেনি। কারণ ফলাফলের তালিকায় ওই কলেজের নামই আসেনি। বিষয়টি জানাজানি হলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা মঙ্গলবার সকালে দলবেঁধে কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে প্রতিকার দাবি করেন। কিছু শিক্ষার্থী মারমুখী হয়ে উঠলে অধ্যক্ষ কলেজে পুলিশ মোতায়েনের অনুরোধ করেন। তাঁর আবেদনে গতকাল মঙ্গলবার সকাল থেকে অধ্যক্ষের কক্ষের সামনে পুলিশ মোতায়েন করা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে মোট ৯০০ শিক্ষার্থীর ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। বিজ্ঞান বিভাগে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও কলা ও বাণিজ্য বিভাগে যারা ভর্তির আবেদন করেছে, তাদের অধিকাংশ আবেদন গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অনেকে তুলনামূলক ভালো কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তারা সেখানে ভর্তি হয়ে গেছে। এতে এই কলেজ ভালো শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আর যারা নিরুপায় হয়ে অন্যত্র ভর্তি হয়েছে, তারা পুনরায় সুযোগ পেলেও এখানে ভর্তি হতে পারবে। তবে তাদের ভর্তি ফির খরচ গচ্চা যাবে। এ ধরনের নানা অসুবিধায় পড়েছে শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ইফফাত আরা জানায়, সে কলেজ পছন্দের তালিকায় এন এস কলেজকে শীর্ষে রেখেছে। কিন্তু ফলাফলের তালিকায় ওই কলেজের কোনো নাম দেখতে পায়নি। সে আরও জানায়, তার অন্য সহপাঠীরা অনলাইনে খোঁজাখুঁজি করেও ওই কলেজের নাম দেখতে পায়নি। ফলাফলে তাকে আবদুলপুর সরকারি কলেজে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সে সেখানে ভর্তি হতে চায় না।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান জানান, তিনি শিক্ষাসচিবের সঙ্গে মুঠোফোনে এ ব্যাপারে আলাপ করেছেন। তিনি তাঁকে জানিয়েছেন, এটা ‘কম্পিউটার মিস’। এর জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী নয়। শিগগিরই কারিগরি ত্রুটি কাটিয়ে ফলাফল ঘোষণা করা হবে বলে তিনি জানান। নিরাপত্তার স্বার্থে তিনি পুলিশ মোতায়েনের কথা জানান। তিনি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।