উচ্চমাধ্যমিকে ৬১ হাজার আসন খালি থাকবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ড থেকে এবারের এসএসসির ফলাফলে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হলেও বোর্ডের অধীন কলেজগুলোয় উচ্চমাধ্যমিকে প্রায় ৬১ হাজার আসন ফাঁকা থাকবে। শিক্ষার্থীর চেয়ে কলেজের সংখ্যা বেশি হওয়ায় এ অবস্থা বলে দাবি শিক্ষা বোর্ডের। তবে সংখ্যায় কলেজ বেশি হলেও ভালো মানের কলেজের সংখ্যা খুবই কম। তাই এসব কলেজে ভর্তির চাপ থাকবে অনেক বেশি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ড থেকে পাস করেছে ৫১ হাজার ৩৩৬ জন। পাসের হার ৮৩ দশমিক ৪০। বোর্ডের অধীন মোট ২৫৬টি কলেজ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কলেজের প্রত্যেক বিভাগে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে। আবার যেসব কলেজের অতিরিক্ত সেকশন রয়েছে, তারা দ্বিগুণ ভর্তি করারও সুযোগ পাবে। সব মিলিয়ে এই বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিকে আসন সংখ্যা এক লাখ ১২ হাজার ২০০। এ হিসাবে আসন খালি থাকবে ৬০ হাজার ৮৬৪। এর বাইরে অনেক মেধাবী ঢাকার ভালো কলেজগুলোয় ভর্তি হবে। সুতরাং এ সংখ্যা আরও বাড়তে পারে।এবার বিজ্ঞান বিভাগে পাস করেছে আট হাজার ৬৬৭ জন, আসন রয়েছে ৩৬ হাজার ১৫০। মানবিকে পাস করেছে ২২ হাজার ৬৪৫ জন, আসন রয়েছে ৩৮ হাজার ২৫০। বাণিজ্য বিভাগে পাস করেছে ২০ হাজার ৪৬ জন, আসন রয়েছে ৩৭ হাজার ৫০। এ ছাড়া ইসলাম শিক্ষায় ৪৫০ ও গার্হস্থ্য অর্থনীতিতে ৩০০ আসন রয়েছে। বোর্ডের একটি সূত্র জানায়, জনসংখ্যার ভিত্তিতে কলেজ হলে এ অঞ্চলে প্রয়োজন ১৫০টি। কিন্তু রয়েছে ২৫৬টি। এ কারণে খোদ বরিশাল সদরের ১৭টি কলেজের মধ্যে তিনটি ছাড়া বাকিগুলোয় আসন শূন্য থাকবে। বরিশাল মহানগর কলেজে তিন বিষয়ে ১০০ শিক্ষার্থীও ভর্তি হয় না। সিটি কলেজে ৪২ জন শিক্ষক থাকলেও শিক্ষার্থী আছে মাত্র ১৩৬ জন। একইভাবে এ করিম আইডিয়াল কলেজ, আবদুর রব সেরনিয়াবাত কলেজ, কাশিপুর স্কুল ও কলেজে উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকে। বরিশাল বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক সরদার আকবর আলী প্রথম আলোকে বলেন, কলেজগুলোর মানোন্নয়নে বোর্ড থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক কলেজের স্বীকৃতি কেন বাতিল হবে না এমন নোটিশও দেওয়া হয়েছে। তার পরও ভালো সাড়া মিলছে না। এ বছর প্রতি কলেজে যাতে শিক্ষার্থী ভর্তি হয়, তার জন্য গত মার্চে অধ্যক্ষদের নিয়ে মতবিনিময় করা হয়েছে। রুগ্ণ কলেজগুলোকে সক্রিয় করতে আগামী ৩১ মে পুনরায় মতবিনিময় করা হবে।বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক বিমল কৃষ্ণ মজুমদার বলেন, জনসংখ্যার ভিত্তিতে কলেজ প্রতিষ্ঠা না করায় এ অঞ্চলের ৮০ ভাগ কলেজে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষার্থী নেই। মফস্বলের কলেজগুলোয় ভালো শিক্ষক থাকলেও ছাত্র না থাকায় ভালো মানের দিকে নেওয়া সম্ভব হচ্ছে না। এবার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে কোনো কলেজকে অতিরিক্ত ভর্তির সুযোগ দেওয়া হবে না। ওই নিয়ম অনুসরণ করতে পারলে সমস্যার কিছুটা সমাধান হবে।