উচ্চমাধ্যমিকের পর পড়াশোনার সুযোগ নেই মেঘনা উপজেলায়
কুমিল্লার মেঘনা উপজেলায় উচ্চমাধ্যমিকের পর পড়াশোনার সুযোগ নেই। যে কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অনেক শিক্ষার্থী স্নাতক ও স্নাতক (সম্মান) পর্যায়ে পড়াশোনা করতে পারছেন না। ফলে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন ওই উপজেলার শিক্ষার্থীরা। এ অবস্থায় সেখানে একটি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে শিক্ষাসংশ্লিষ্ট মহল। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উপজেলার দুটি কলেজ ভালো ফল করায় ওই দাবি জোরালো হয়ে উঠছে। জানা গেছে, মেঘনা ও কাঁঠালিয়া নদী পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মেঘনা উপজেলা। এর চতুর্দিকে জলবেষ্টিত। অনুন্নত যোগাযোগব্যবস্থা থাকা সত্ত্বেও জলপথে ওই এলাকার বাসিন্দারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে থাকে। কৃষি, মাছ ধরা আর বিভিন্ন জায়গায় ব্যবসা করে ওই এলাকার বাসিন্দারা জীবিকা নির্বাহ করে। এরই মধ্যে ওই উপজেলার দুটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ১৮০ জন অংশ নিয়ে ১৩৮ জন পাস করেন। পাসের গড় হার ৭৫ শতাংশের বেশি। কিন্তু এতসংখ্যক শিক্ষার্থী পাস করা সত্ত্বেও তাঁরা উচ্চশিক্ষার অধ্যয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। অভাব-অনটনের কারণে তাঁরা অন্যত্র গিয়ে পড়তে পারছে না।কুমিল্লা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক শাখার সেকশন অফিসার মো. আবদুল খালেক জানান, এবারের এইচএসসি পরীক্ষায় মেঘনা উপজেলার মানিকারচর বঙ্গবন্ধু কলেজ থেকে ১৩৯ জন পরীক্ষা দিয়ে ১০৮ জন পাস করেন। পাসের হার ৭৭ দশমিক ৭০। অন্যদিকে একই উপজেলার মুজাফফর আলী উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ৪১ জন পরীক্ষা দিয়ে ৩০ জন পাস করেছে। পাসের হার ৭৩ দশমিক ১৭। জিপিএ-৫ পেয়েছে একজন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেঘনা উপজেলার লুটেরচর, গোবিন্দপুর, রাধানগর, চালিভাঙ্গা, বড়কান্দা, মানিকারচর, চন্দনপুর ও ভাঙ্গড়খোলা ইউনিয়নের উচ্চশিক্ষা-প্রত্যাশীরা কলেজ না থাকায় উচ্চশিক্ষাবঞ্চিত হচ্ছেন। বিশেষ করে, ছাত্রীদের মেঘনার বাইরে গিয়ে পড়াশোনার সুযোগ নেই। একদিকে দারিদ্র্র্যের সঙ্গে লড়াই, অন্যদিকে পড়াশোনার তীব্র আকাঙ্ক্ষা তাঁদের কুরে কুরে খাচ্ছে।উপজেলার আরিফপুর ও মানিকারচর এলাকার দুজন ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, ‘মেঘনায় একটি ডিগ্রি কলেজ থাকলে আমরা বিএ পাস করতে পারতাম। অন্য জায়গায় গিয়ে আমাদের পড়ার সামর্থ্য নেই।’ মানিকারচর বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘আমরা আমাদের কলেজটিকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করতে চাই। সে চেষ্টাও আমাদের রয়েছে। মাঝখানে কিছু ঝামেলার কারণে কলেজটির ছন্দপতন হয়। পরবর্তী সময়ে কলেজটি শিক্ষক ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রাণ ফিরে পায়। এখন কলেজ ভালো ফল করে। কিন্তু দারিদ্র্যপীড়িত এইচএসসি পাস করা শিক্ষার্থীরা কোথাও যেতে পারেন না। তাঁদের অনেকেরই উচ্চশিক্ষা নেওয়ার আগ্রহ রয়েছে। তাই এখানে ডিগ্রি কলেজ করা দরকার।’ মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার মণ্ডল বলেন, মেঘনা উপজেলায় কোনো ধরনের ডিগ্রি কলেজ নেই। উচ্চমাধ্যমিকের পর এখানকার শিক্ষার্থীরা নিজ উপজেলায় থেকে পড়াশোনা করতে পারছেন না। যুগের চাহিদা অনুযায়ী এখানে একটি ডিগ্রি কলেজ দরকার।