উচ্চশব্দে পাঠদান ব্যাহত বায়ুদূষণে স্বাস্থ্যঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার সংস্কারকাজের জন্য ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫৩ নম্বর ফরিদাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিটুমিন ও পাথর মেশানোর যন্ত্র বসানো হয়েছে। এই যন্ত্রের প্রচণ্ড শব্দে শিক্ষকেরা ঠিকমতো শিক্ষার্থীদের পাঠদান করতে পারছেন না। পাশাপাশি ধোঁয়ায় শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।
জানা গেছে, নান্দাইলের মুশুলি চৌরাস্তা থেকে তাড়াইলের দিকে চার কিলোমিটার সড়কের সংস্কারকাজ করছে ‘অ্যাসোসিয়েট বিল্ডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজের জন্য ওই বিদ্যালয়ের মাঠে একটি যন্ত্র বসানো হয়েছে।
গতকাল সোমবার ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রচণ্ড শব্দ করে যন্ত্রটি চলছে। এটিতে বিটুমিন ও পাথর মেশানো হচ্ছে। এর ধোঁয়া বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকছে। ধোঁয়ার কারণে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কাশছে।
সহকারী শিক্ষক মো. সাইদুর রহমান জানান, পঞ্চম শ্রেণীর প্রথম স্থান অধিকারী মাহমুদুল হাসান শ্বাসকষ্টের কারণে বিদ্যালয়ে আসছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম জানান, গত ১৭ মার্চ বিদ্যালয়ের মাঠে পাথর ও ওই যন্ত্র এনে রাখা হয়। কে বা কারা এসব রাখছে, তা তিনি জানেন না। এই মালামাল সরিয়ে নেওয়ার জন্য ২০ মার্চ তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু এত দিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শিক্ষা কর্মকর্তা মো. ইমদাদুল হক লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আনোয়ার হোসেন জানান, ধোঁয়ার কারণে শিশুরা ব্রংকিউলাইটিস ও হাঁপানিতে আক্রান্ত হতে পারে। প্রচণ্ড শব্দের জন্য তাদের শ্রুতি ও স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে।
অ্যাসোসিয়েট বিল্ডার্সের তদারককারী আবদুল আজিজ জানান, জায়গা পাওয়া যায়নি। তাই ওই যন্ত্রটি বিদ্যালয়ের মাঠে বসাতে হয়েছে।
তবে স্থানীয় কয়েকজন জানান, ঠিকাদার ভাড়া দিতে রাজি থাকলে জায়গার অভাব হবে না।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের মাঠ থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কেন সরিয়ে নেওয়া হয়নি, তা দেখা হচ্ছে।