বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ও স্টাডি সেন্টার খোলার অনুমতি
উচ্চশিক্ষা নিয়ে বাণিজ্য আরও বাড়বে
দেশের ৭৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই ভালোভাবে চলছে না। আছে সনদ বিক্রিসহ নানা ধরনের অভিযোগ। এরই মধ্যে সরকার বাংলাদেশের ভেতর বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ও স্টাডি সেন্টার খোলার সুযোগ দিয়েছে।
এতে শিক্ষাবাণিজ্য, সনদ বিক্রি ও প্রতারণা বাড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষাবিদ ও শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, নতুন এই সিদ্ধান্তে নামকরা বিদেশি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে অখ্যাত কিছু বিদেশি বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার খুলে এদেশীয় শিক্ষা ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের নিয়ে ব্যবসা করবে। ইতিমধ্যে কিছু ব্যক্তি এমন তৎপরতাও শুরু করেছেন।
আইন অনুযায়ী দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শাখা নিষিদ্ধ। কিন্তু নতুন বিধিমালায় বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার অনুমতি দেওয়া হয়েছে। অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে তাদের ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে।
বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার খোলার সুযোগ দিয়ে ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ গত ৩১ মে গেজেট আকারে ছাপা হয়। উচ্চশিক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা বলেছেন, খসড়ায় শাখা ও স্টাডি সেন্টারের পাশাপাশি স্বয়ংসম্পূর্ণ বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছিল৷ কিন্তু প্রজ্ঞাপনে শুধু স্টাডি সেন্টার ও শাখা ক্যাম্পাসের কথা বলা হয়েছে, যা সনদ বিক্রির পথ প্রশস্ত করার আশঙ্কা আছে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এভাবে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনার দরজা খুলে দেওয়ার ফলে মূলত বিদেশের তৃতীয় শ্রেণির কিছু বিশ্ববিদ্যালয় আসবে ব্যবসার জন্য। মানসম্মত বিশ্ববিদ্যালয় আসার মতো পরিস্থিতি এখানে নেই।
বিধিমালা অনুযায়ী এক বা একাধিক বিদেিশ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের ডিগ্রি, প্রোগ্রাম, কোর্স, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স পরিচালনার সহায়তা দেওয়ার উদ্দেশ্যে সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশে স্থাপিত যেকোনো সেন্টারকে েবাঝাবে। এ ধরনের সেন্টার পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্যে ক্লাস পরিচালনা এবং বিদেিশ বিশ্ববিদ্যালয় কর্তৃক সনদ প্রদান করবে পারবে। স্টাডি সেন্টার কোনোক্রমেই বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রোগ্রামের সনদ দিতে পারে না বলে মনে করেন বেসরকারি বিদ্যালয়ের উদ্যোক্তারা৷
শাখা ক্যাম্পাস অথবা স্টাডি সেন্টার পরিচালনায় যে সম্ভাব্য উদ্বৃত্ত অর্থ, সম্পদ সৃষ্টি হবে, তা স্থানীয় প্রতিনিধি ও বিদেিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আনুপাতিক হারে বিভাজন করা হবে৷ প্রাপ্য টাকা বিদেশি উদ্যোক্তা নিজ দেশে নিতে পারবেন৷
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেসরকাির বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের পূর্ব অনুমোদন ছাড়া উদ্ভূত আয়, তহবিল বা এর কোনো অংশ বাংলাদেশের বাইরে পাঠানো ঠিক হবে না।
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সাধারণ সম্পাদক বেনজির আহমেদ প্রথম আলোকে বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শাখা ক্যাম্পাস নিষিদ্ধ। অথচ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার খোলার অনুমতি দেওয়ার ফলে সনদ বিক্রি হওয়ার আশঙ্কা যেমন আছে, তেমনি দেশের টাকা বিদেশে পাচার হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাই করার পরই অনুমতি দেওয়া হবে। জেনেশুনে নিশ্চয়ই তৃতীয় শ্রেণির বিশ্ববিদ্যালয়কে শাখা খোলা বা স্টাডি সেন্টার পরিচালনার অনুমতি দেওয়া হবে না৷