উচ্চশিক্ষা ব্যবসায়ীদের পথ রুদ্ধ করবে নতুন আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় মানসস্মত উচ্চশিক্ষা দিতে চায় তাদের জন্য নতুন আইন সহায়ক হবে। পাশাপাশি যেসব ব্যক্তি উচ্চশিক্ষার নামে ব্যবসা ও প্রতারণা করতে চান তাঁদের পথ রুদ্ধ হয়ে যাবে।গতকাল বুধবার সাভারের মির্জানগরে অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৯৯২ সালের আইন এবং ১৯৯৮ সালের সংশোধিত আইনের ভিত্তিতে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চশিক্ষার নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু ওই আইনের দূর্বলতার সুযোগে একশ্রেনীর ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতারনা ও সনদ বিক্রি শুরু করে। এটা ঠেকাতে এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় সংসদে সম্প্রতি নতুন আইন গৃহীত হয়েছে। নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে যোগ্য ও দক্ষ মানবসম্পদ তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানবজাতির কল্যাণকর ভবিষ্যৎ নির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের কাছে জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফিসহ সব ধরনের ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবার জন্যই মানসম্মত শিক্ষা ও সুযোগ সৃষ্টি করতে চাই।’বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী, গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি তাহরুন্নেছা আবদুল্লাহ, প্রথম সভাপতি কাজী ফজলুর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাউদ্দিন আহমেদ, সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ ও রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্যকেন্দ্র ট্রাস্টের সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যসহ সাত শতাধিক রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট উপস্থিত ছিলেন।