উচ্চশিক্ষা যাতে সনদসর্বস্ব না হয়, তা নিশ্চিত করতে সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।রাষ্ট্রপতি গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) ১৪তম সমাবর্তনে ভাষণকালে এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষা পর্যায়ে গুণগত মান ও গবেষণার বিস্তার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী ক্যাম্পাস, পূর্ণকালীন ফ্যাকাল্টি, লাইব্রেরি, গবেষণাগার, তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ শিক্ষার পরিপূর্ণ সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতি গঠনের সূতিকাগার—এ কথা উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, এটা সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যে এগুলো যেন মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানে পরিণত না হয়। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে হবে।রাষ্ট্রপতি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষার এসব প্রতিষ্ঠানে সব মেধাবী ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দিতে আসনসংখ্যা বাড়ানোর ব্যাপারে যৌক্তিক পদক্ষেপ নিতে হবে।রাষ্ট্রপতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তথ্যপ্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ উল্লেখ করে বলেন, তাঁর দৃঢ় বিশ্বাস, তরুণেরাই এ কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।রাষ্ট্রপতি নতুন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমাদের মেধা, জ্ঞান ও কর্ম দিয়ে পরিবার, সমাজ ও দেশের কাছে তোমাদের ঋণ পরিশোধের সময় এসেছে।’সমাবর্তনে বিভিন্ন বিভাগে ৯৩৪ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে রাইশা রাশেকা, রফিক হায়দার, এম সাইফুল ইসলাম ও এস এম সাইফুল ইসলাম স্বর্ণপদক লাভ করেন।অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এ ছাড়া আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌহিদ সামাদ ও উপাচার্য এম ওমর রহমান বক্তৃতা করেন।