উচ্চশিক্ষা যাতে কোনোভাবেই ‘সার্টিফিকেটসর্বস্ব’ না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তিনি গতকাল রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তব্য দিচ্ছিলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্টার্ন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৯৪১ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় অঙ্গনের চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজধানীকেন্দ্রিক এবং তা ভাড়াবাড়িতে স্থাপিত। উচ্চ শিক্ষাস্তরে যে সুযোগ-সুবিধা ও পরিবেশ থাকা দরকার তা বেশির ভাগ ক্ষেত্রে নেই।’ তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, মেধা ও সৃজনশীলতা দিয়ে মেহনতি মানুষের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্ট সাইদ ইরানদোস্ত। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাইফুল মজিদ। অন্যদের মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এ বি এম শহিদুল ইসলাম ও উপ-উপাচার্য আবদুর রবও বক্তব্য দেন।