রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের চিন্তা-চেতনা, সৃজনশীলতা ও মেধা বিকাশের পাশাপাশি তাঁদের আন্তর্জাতিক মানের নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ব্যাপক। প্রকৃতপক্ষে উচ্চশিক্ষাকে কেবল পুঁথিগত বিদ্যায় সীমিত না রেখে শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের নবতর সৃষ্টির সঙ্গে সংযোগ এবং মুক্ত আলোচনা ও গঠনমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের।’ গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোবহান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম। এ ছাড়া বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান সফিক আহমেদ সিদ্দিকী ও বিইউবিটির উপাচার্য এম আবু সালেহ বক্তব্য দেন।সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের মোট এক হাজার ২৮৩ জন ছাত্রছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। চমৎকার ফলাফলের জন্য ফাতেমাতুল জান্নাত, এম আসাফুর রহমান ও এম সাখাওয়াত হোসেন ভূঁইয়া রাষ্ট্রপতির কাছ থেকে চ্যান্সেলর স্বর্ণপদক গ্রহণ করেন।