ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা কেন্দ্রের বাজেটপূর্ব আলোচনায় উচ্চশিক্ষা খাতকে পৃথক গুরুত্ব দিয়ে এখানে বাজেট বরাদ্দ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে এই আলোচনা সভা হয়। ‘উচ্চশিক্ষা, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং নতুন ভ্যাট নীতি বিশ্লেষণ ও পর্যবেক্ষণ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বজলুল হক খন্দকার এবং সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ। তাঁরা বলেন, নারী উদ্যোক্তাদের জন্য একটি ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করতে হবে এবং নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিতে হবে। অসহায় ও রোগাক্রান্ত প্রবীণদের কল্যাণে প্যালিয়েটিভ কেয়ার সেন্টার স্থাপন এবং সক্ষম প্রবীণদের জন্য সার্ভিস পুল গঠন করতে হবে।
বাজেটে উচ্চশিক্ষা খাতকে পৃথকভাবে গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয় প্রবন্ধে। এতে বলা হয়, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে দরকার টেকসই উন্নয়ন পদক্ষেপের।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, উচ্চশিক্ষা খাতকে বাজেটে অগ্রাধিকার দিতে হবে। তবে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরিসহ শিক্ষার সব স্তরেই বাজেট বাড়ানো দরকার। নারী উদ্যোক্তা উন্নয়ন খাতের বাজেটও বাড়াতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে এ সময় এনবিআরের সদস্য আইনজীবী জাহাঙ্গীর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রহমত উল্লাহ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষক নাজনীন আহমেদ বক্তব্য দেন।