উচ্চশিক্ষা যেন সনদনির্ভর না হয়ে পড়ে, সে লক্ষ্যে সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, কোনো অবস্থায়ই উচ্চশিক্ষার গুণগত মানের ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না।রাষ্ট্রপতি বাংলা ভাষা, সাহিত্য-সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে বাংলাদেশ এবং ভারতের বাংলা ভাষাভাষী সবার প্রতি একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী ব্রাত্য বসু সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন।সমাবর্তনে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, ব্যবসায় ও অর্থনীতি এবং মানবিক ও সামাজিক বিজ্ঞানের তিন শাখায় মোট তিন হাজার ২২১ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি দেওয়া হয়। এতে চারজনকে স্বর্ণপদক দেওয়া হয়।নতুন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে জিল্লুর রহমান তাঁদের দেশ ও বিদেশে পেশাগত জীবনে দেশের খেটে খাওয়া মানুষের কথা ভুলে না যাওয়ার আহ্বান জানান।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। ব্রাত্য বসু বাংলাদেশ ও ভারতে উচ্চশিক্ষা প্রসারে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বাসস।