উচ্চশিক্ষার ছুটি নিয়ে ফেরত আসেননি ৯ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষায় বিদেশ গিয়ে ফেরত আসেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক। তাঁদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা রয়েছে কোটি টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে তাঁদের চাকরিচ্যুত করেছে।এ নয়জন শিক্ষক হলেন: যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা আকতার, সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম খান, বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাকিল আকতার, একই ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. মকবুল হোসেন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন ও সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমাম উদ্দিন ভূঁইয়া, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইকবাল ও সহকারী অধ্যাপক ইকবাল মো. মোস্তফা। তাঁদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থের পরিমাণ এক কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৬৪৭ টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাওনা টাকা আদায়ে ‘গণদাবি আদায় আইন-১৯১৩’ অনুযায়ী এসব শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। কর্তৃপক্ষ ইতিমধ্যে মামলা পরিচালনা করার জন্য আইনজীবীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘উচ্চশিক্ষার ছুটি নিয়ে ফেরত না আসা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংসদের সরকারি হিসাব-সংক্রান্ত স্থায়ী কমিটির ৩০তম সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্তের আলোকে উপাচার্য মহোদয় শিক্ষকদের কাছ থেকে পাওনা আদায়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। চাকরিচ্যুত শিক্ষকদের বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।’যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘তাঁদের কাছ থেকে পাওনা টাকা আদায়ের বিষয় একটি চলমান প্রক্রিয়া। এ জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।’বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী, একজন শিক্ষককে বেতন-ভাতাসহ তিন বছরের জন্য উচ্চশিক্ষার ছুটি দেওয়া হয়। এ ছাড়া আরও দুই বছর বিনা বেতনে ছুটি ভোগ করতে পারেন। তবে শর্ত থাকে, উচ্চশিক্ষা শেষে শিক্ষককে দেশে ফিরে আসতে হবে। চাকরিতে যোগদান না করলে অথবা ব্যর্থ হলে শিক্ষকদের বেতন-ভাতাদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফেরত দিতে হবে। অনুসন্ধানে জানা গেছে, সবচেয়ে বেশি অর্থ পাওনা আছে বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের চাকরিচ্যুত শিক্ষক মো. মকবুল হোসেনের কাছে। তাঁর কাছে গবেষণা প্রকল্প এবং বেতন-ভাতাদিসহ পাওনা অর্থের পরিমাণ ৮৩ লাখ ৪৯ হাজার ৫১৪ টাকা। তিনি ১৯৯৩ সালের ২৫ সেপ্টেম্বর ছুটি নিয়ে দেশের বাইরে চলে যান। সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা আকতার ১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বর উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে বিদেশে চলে যান। তাঁর কাছে কর্তৃপক্ষের পাওনা রয়েছে সাত লাখ ৬২ হাজার ৪৭৩ টাকা।সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মো. ইব্রাহিম খানের কাছে কর্তৃপক্ষ পাবে ছয় লাখ ছয় হাজার ১১৬ টাকা। তিনি ২০০০ সালের ২১ মে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেন।বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক শাকিল আকতার উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেন ১৯৯৭ সালের ২১ সেপ্টেম্বর। তাঁর কাছে পাওনা ছয় লাখ ১৯ হাজার ২১৮ টাকা। একই ইনস্টিটিউটের মোহাম্মদ জামাল উদ্দিন ও মো. মনিরুল ইসলামের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা যথাক্রমে ছয় লাখ ৯৭ হাজার ৬৫০ টাকা ও তিন লাখ ৪১ হাজার টাকা। তাঁরা যথাক্রমে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেন ১৯৮৮ সালের ৮ আগস্ট ও ২০০০ সালের ২৬ জুন।রসায়ন বিভাগের ইমাম উদ্দিন ভূঁইয়ার কাছে পাওনা দুই লাখ ৯১ হাজার ১০৫ টাকা। তিনি ছুটি নিয়েছিলেন ১৯৯৬ সালের ৭ জানুয়ারি। লোকপ্রশাসন বিভাগের মো. ইকবাল ও ইকবাল মো. মোস্তফা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়েছিলেন যথাক্রমে ১৯৯২ সালের ৬ ফেব্রুয়ারি এবং ১৯৯৩ সালের ৪ সেপ্টেম্বর। তাঁদের কাছে যথাক্রমে পাওনা চার লাখ ৩৪ হাজার ২১০ টাকা এবং সাত লাখ ৫৮ হাজার ৩৬১ টাকা।